আইয়ুব আলী- ইন্ডিয়া প্রতিনিধি
মুর্শিদাবাদের ভরতপুর থানা এলাকার সরডাঙ্গা গ্রামের একটি পরিত্যক্ত পোল্ট্রি ফার্মের মাঠ থেকে ৪টি তাজা সুতলি বোমা উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়।
সূত্র মারফৎ জানা গেছে, ভরতপুর থানার একটি মামলায় হরিশ্চন্দ্রপুর গ্রামের বাসিন্দা লাবু সেখকে গ্রেফতার করে পুলিশ। আদালতে পেশ করা হলে বিচারক তাকে দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশি জেরায় লাবু সেখ স্বীকার করে যে, এলাকায় সন্ত্রাস সৃষ্টির উদ্দেশ্যেই বোমাগুলি মজুত রাখা হয়েছিল এবং ওই বোমাগুলি সে ফাইজাল সেখের কাছ থেকে কিনেছিল।লাবু সেখের এই বয়ানের ভিত্তিতে ও আদালতের নির্দেশে, সালার থানার অধীনে থাকা এবং খাঁড়েরা গ্রামে পুলিশের ওপর বোমা হামলার মূল অভিযুক্ত ফাইজাল সেখকে নিজেদের হেফাজতে আনে ভরতপুর থানার পুলিশ। পরবর্তীতে ফাইজালকে জিজ্ঞাসাবাদ করা হলে সে-ও স্বীকার করে যে, ওই বোমাগুলি লাবু সেখ তার কাছ থেকেই কিনে নিয়েছিল। পাশাপাশি পুলিশের ওপর হামলায় নিজের যুক্ত থাকার কথা ও পোল্ট্রি ফার্মে বোমা মজুত রাখার বিষয়টিও সে কবুল করে। এই তথ্যের ভিত্তিতে গত বুধবার রাতে সরডাঙ্গা গ্রামের ওই পরিত্যক্ত পোল্ট্রি ফার্মে অভিযান চালিয়ে পুলিশ ৪টি তাজা সুতলি বোমা উদ্ধার করে। পরবর্তীতে বৃহস্পতিবার বিকেলে জেলা বম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলি নিষ্ক্রিয় করেন। পুলিশের এই তৎপরতায় এক বড়সড় অঘটন এড়ানো সম্ভব হলো বলে মনে করা হচ্ছে।