আইয়ুব আলী- প্রতিনিধি- ভারত।
মুর্শিদাবাদ জেলার সালারে ২০০ জন দুঃস্থ মানুষের হাতে তুলে দেওয়া হল নতুন বস্ত্র।
দুর্গাপুজো মানেই নতুন পোশাক, মুখভরা হাসি আর পরিবারের সঙ্গে আনন্দে মেতে ওঠার সময়। কিন্তু আর্থিক অনটনের কারণে অনেক পরিবারের কাছেই পুজোর নতুন পোশাক কেনা হয়ে ওঠে না। সেই সমস্ত মানুষের মুখে হাসি ফোটাতে দুর্গাপুজো উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হল মুর্শিদাবাদ জেলার সালারে।
বৃহস্পতিবার বিকেল নাগাদ সালার থানার ঘনশ্যামপুর গ্রামে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী অনামিকা ঘোষ। পাশাপাশি উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
এই কর্মসূচিতে প্রায় ২০০ জন দুঃস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। পুজোর আগে নতুন পোশাক হাতে পেয়ে উপকৃত হন উপস্থিত মানুষজন।
উৎসবের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায়, আর্থিক অভাবের কারণে কেউ যেন পুজোর আনন্দ থেকে বঞ্চিত না হন এমন মানবিক উদ্যোগের মধ্য দিয়েই ফুটে উঠল মানুষের পাশে থাকার বার্তা।
দুর্গাপুজোর প্রাক্কালে ঘনশ্যামপুরের এই বস্ত্র বিতরণ কর্মসূচি ঘিরে উঠে এল সামাজিক দায়বদ্ধতা ও উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার এক ছবি।