মোঃ মিজানুর রহমান বড়াইগ্রাম প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রাণ সুতিরপাড় এলাকায় শেষরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় টিকটকার আফরিন জাহান নামে এক তরুণী নিহত হয়েছেন।
জানা গেছে, গুরুদাসপুর এলাকার দুই যুবকের সঙ্গে মোটরসাইকেলে করে বনপাড়ার দিকে যাওয়ার পথে অজ্ঞাত একটি যানবাহনের চাপায় ঘটনাস্থলেই ওই তরুণীর মৃত্যু হয়।
দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী গুরুদাসপুর উপজেলার নাজিরপুর বটতলা এলাকার আব্দুল মান্নানের ছেলে মেহেদী হাসান এবং একই এলাকার জলিলের ছেলে পলক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহত তরুণীর সঙ্গে ওই দুই যুবকের পরিচয় হয়েছিল টিকটকের মাধ্যমে। পরে মেসেঞ্জারে যোগাযোগের পর তারা তাকে নিয়ে আসেন। তবে আহত দুই যুবকও নিহত তরুণীর প্রকৃত ঠিকানা, পরিবার বা স্বজনদের বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি।
এদিকে, টিকটক প্রোফাইলে ” আফরিন জাহান” নাম থাকলেও এখন পর্যন্ত তার স্থায়ী ঠিকানা কিংবা পরিবারের কোনো সদস্যের সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী নিহতের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ উদ্ঘাটনে কাজ করছে।