লালপুরে নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, হেরোইন ও একটি গাঁজার গাছসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৯ আগস্ট) রাত ১টা ৫৫ মিনিটের দিকে উপজেলার ওয়ালিয়া মধ্যপাড়া (মন্ডলপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার একটি নির্মাণাধীন ভবনের ছাদবিহীন ঘর থেকে একটি গাঁজার গাছসহ মো. সোহরাব আলী (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত দেলু প্রামাণিকের ছেলে।
অন্যদিকে, একই দিন সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মহরকয়া পশ্চিমপাড়া এলাকায় পৃথক অভিযান চালায় পুলিশ। সেখানে মো. লাম সরকার (৩০) নামে এক ব্যক্তির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। লাম সরকার মহরকয়া পশ্চিমপাড়া এলাকার মো. আসমত সরকারের ছেলে।
লালপুর থানা পুলিশ জানিয়েছে, মাদক উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় থানায় পৃথক মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।