নাটোর প্রতিনিধি:
নাটোর সদর থানা-পুলিশের অভিযানে চোরাই একটি অটোগাড়ি, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি অটোরিকশার খণ্ডিতাংশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট বিকেল ৫টার দিকে নাটোর শহরের কেন্দ্রীয় মসজিদ মার্কেটের সামনে ব্যাটারিচালিত অটোরিকশা রেখে আসরের নামাজ আদায় করতে মসজিদে প্রবেশ করেন রথবাড়ি এলাকার সেলিম শেখ (৫১)। প্রায় ২০ মিনিট পর নামাজ শেষে ফিরে এসে তিনি অটোরিকশাটি দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে এ ঘটনায় তিনি নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন।মামলার পর নাটোর সদর থানার আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে বড়াইগ্রাম থানার রাজাপুর এলাকা থেকে রতন হোসেন (৩৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর হেফাজত থেকে চোরাই একটি অটোগাড়ি উদ্ধার করা হয়।পরে গ্রেপ্তার রতনের দেওয়া তথ্যের ভিত্তিতে লালপুর থানার কদমচিলান ইউনিয়নের চাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে আলম প্রাং (৫৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর হেফাজত থেকে মামলার বাদীর চুরি যাওয়া অটোরিকশাসহ আরও একটি চোরাই অটোরিকশা এবং অপর একটি অটোরিকশার খণ্ডিতাংশ উদ্ধার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।