মনির হোসেন
নিজস্ব সংবাদদাতা
ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দা সাদিয়া ইসলামকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর শহরের কুড়পাড় এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে ১,৫০০ টাকা করে নেওয়া হচ্ছে। এমন অভিযোগ রয়েছে সাদিয়া ইসলামসহ একটি চক্রের বিরুদ্ধে।
মঙ্গলবার বিকেলে কুড়পাড় এলাকায় এক নারীর কাছ থেকে টাকা নেওয়ার সময় স্থানীয়রা সাদিয়াকে হাতেনাতে আটক করেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে কয়েকজনের কাছ থেকে আগেই টাকা নেওয়া হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে আর কারা জড়িত সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সৈয়দা সাদিয়া ইসলাম নেত্রকোণা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি পৌর শহরের কুড়পাড় এলাকায় ভাড়া বাসায় থাকেন বলে জানা গেছে।
সংগঠনের সূত্রে জানা যায়, সৈয়দা সাদিয়া ইসলাম এনসিপির নেত্রকোণা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক। এ বিষয়ে জানতে চাইলে জেলা কমিটির সদস্যসচিব বলেন, ‘বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখছি। তিনি সংগঠনবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল সরকার – সাদিয়া ইসলামকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’