আশরাফুল ইসলাম
গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে গোয়ালঘরের লোহার গেটের তালা কেটে চারটি মহিষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বিন্দাবনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
চুরি যাওয়া মহিষগুলোর মালিক হাজি ইউসুফ আলী। তিনি ওই গ্রামের মৃত সৈয়দ আলী প্রামাণিকের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে মহিষগুলোকে গোসল করিয়ে খাবার দিয়ে প্রতিদিনের মতো পাকা গোয়ালঘরের লোহার গেটে তালা লাগিয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। ভোরে ফজরের নামাজ আদায় করে গোয়ালঘরে গিয়ে তারা তালা ভাঙা এবং চারটি মহিষ নিখোঁজ দেখতে পান। পরে পরিবারের সদস্যরা স্থানীয়দের নিয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
চুরি যাওয়া মহিষের মধ্যে দুটি ষাঁড়, একটি বকনা ও একটি বাছুর রয়েছে। এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে পরিবারটি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
স্থানীয় কয়েকজন কৃষক বলেন, ইদানীং এলাকায় পাকা গোয়ালঘর থেকেও গরু-মহিষ চুরির ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। এতে কৃষকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বেড়েছে। চুরি প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও নিরাপত্তা জোরদারের দাবি জানান তারা। মহিষগুলো ট্রাকযোগে নেওয়া হয়েছে। গভীর রাতে প্রতিবেশীরা শব্দ পেয়েছে, কিন্তু বুঝতে পারেননি।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, “বিষয়টি শোনার সঙ্গে সঙ্গে একজন কর্মকর্তাসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে চক্রটিকে সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”