মোঃ মিজানুর রহমান বড়াইগ্রাম প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জলন্দা গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে নুরুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে নিজের স্ত্রী রওশন আরাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় রওশন আরাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল ইসলামের ছেলে রাসেল আহমেদ টাকার বিনিময়ে বিয়ে করে সেনাবাহিনীতে চাকরি নেন। পরবর্তীতে প্রথম স্ত্রীকে রেখে তিনি দ্বিতীয় বিয়ে করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় প্রথম স্ত্রী অভিযোগ করলে রাসেল আহমেদের সেনাবাহিনীর চাকরি চলে যায় বলে জানিয়েছেন তার প্রথম স্ত্রী।
এরই ধারাবাহিকতায় পারিবারিক বিরোধের একপর্যায়ে নুরুল ইসলাম ধারালো অস্ত্র নিয়ে ছেলের প্রথম স্ত্রীকে কোপাতে এগিয়ে আসেন। এ সময় তার স্ত্রী রওশন আরা তাকে বাধা দিতে গেলে নুরুল ইসলাম তাকেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন।
পরে স্থানীয়রা আহত রওশন আরাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর নুরুল ইসলাম বড়াইগ্রাম থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন বলে জানা গেছে।