মোঃ শান্ত শেখ টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি ও খাদ্যপণ্য তৈরির অভিযোগে বনলতা মিষ্টান্ন ভান্ডারের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
৩০ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার গহরডাঙ্গা চৌরঙ্গীর মোড়ে এ অভিযান পরিচালিত হয়।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় বনলতা মিষ্টান্ন ভান্ডারের প্রোপাইটার তারেক শেখকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে পৌর নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন, পৌর উপসহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দোকানের খাদ্যপণ্য তৈরির পরিবেশ অপরিচ্ছন্ন থাকায় আইন অনুযায়ী এ জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম দোকান মালিককে ভবিষ্যতে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বাজারজাত করার জন্য সতর্ক করেন।
তিনি বলেন, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি করে বাজারজাত করার বিষয়টি পুনরায় পাওয়া গেলে পরবর্তী সময়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।