বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

জামালপুরে মঞ্জুয়ারা হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে ৭ নম্বর চরবাসী, বিক্ষোভ ও মানববন্ধন
অনলাইন ডেস্ক / ১৫০ বার
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

 

 

জামালপুর জেলা প্রতিনিধি:

 

জামালপুরের ইসলামপুরে গৃহবধূ মঞ্জুয়ারা হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে স্থানীয় বাসিন্দারা। খবরটি ছড়িয়ে পড়ার পর এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের হরিণধরা ব্রিজ এলাকায় আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নেন ৭ নম্বর চর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ।

 

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, গৃহবধূ মঞ্জুয়ারাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। একটি হত্যাকাণ্ড শুধু একটি পরিবারকে ধ্বংস করে না, বরং পুরো সমাজব্যবস্থাকে নাড়া দেয়। ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি প্রতিরোধে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।

 

মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন, মঞ্জুয়ারা হত্যাকাণ্ডের সঙ্গে তার স্বামী সুজন, দেবর লোকমান ও লুৎফর এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন সরাসরি জড়িত। মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা এসব অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হলে আদালতের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 

মানববন্ধন চলাকালে বিক্ষুব্ধ এলাকাবাসী বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। ‘মঞ্জুয়ারা হত্যার বিচার চাই’, ‘হত্যাকারীদের গ্রেপ্তার করো’ এবং ‘দোষীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে’—এমন নানা স্লোগানে পুরো হরিণধরা ব্রিজ এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।

 

সমাবেশের শেষ পর্যায়ে এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো অপরাধী যেন ক্ষমতার দাপট দেখিয়ে বা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে। মঞ্জুয়ারা হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার না হওয়া পর্যন্ত সাধারণ মানুষ এই ন্যায়বিচারের দাবি অব্যাহত রাখবে।

 

নিঃশর্ত সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের জোর দাবি জানিয়ে মানববন্ধনের সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট