আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুরের ইসলামপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে সাড়ে তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) জেলা গোয়েন্দা শাখার (ডিবি-২) দুটি পৃথক অভিযানিক দল অভিযান চালিয়ে ইসলামপুর উপজেলার সভাচর এলাকা থেকে তাঁদের হাতেনাতে আটক করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—ইসলামপুর উপজেলার বাসিন্দা মো. বাহাদুর আকন্দ (৪৬) ও মো. এশরাদ আলী (৩৯)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের সার্বিক দিকনির্দেশনা এবং দেওয়ানগঞ্জ সার্কেলের নিবিড় তত্ত্বাবধানে ডিবি-২-এর একটি চৌকস দল এ বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ইসলামপুর থানার সভাচর এলাকার রফিকুল নামের এক ব্যক্তির মনিহারি দোকানের সামনে সরকারি ইটের সলিং রাস্তার ওপর থেকে তাঁদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁদের হেফাজতে থাকা সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ডিবি-২ পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।