আইয়ুব আলী- মুর্শিদাবাদ- ভারত।
মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার উদ্যোগে বুধবার সন্ধ্যায় এক মনোরম ও বর্ণাঢ্য বিজয়া সম্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুরভী মন্ডলের সুললিত কণ্ঠে উদ্বোধনী সংগীত ও মনোজ্ঞ নৃত্যের মধ্য দিয়ে এই উৎসবমুখর সন্ধ্যার সূচনা ঘটে। উৎসবের এই প্রাক্কালে গোটা ভরতপুর থানা চত্বর চোখ ধাঁধানো আলোকসজ্জায় সেজে উঠেছিল। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভরতপুর-১ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবীর দাস, বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার খোরশেদ আলম, ব্লক স্বাস্থ্য আধিকারিক শিষ্য চ্যাটার্জী, ভরতপুর এসডিপিও বরুণ বৈদ্য, সালার সার্কেল ইন্সপেক্টর সমরেন্দ্র পাল, ভরতপুর থানার ওসি বিশ্বজিৎ মন্ডল, সালার থানার ওসি শিবনাথ মন্ডল এবং কান্দি মহকুমা আদালতের বিশিষ্ট আইনজীবী সুনীল চক্রবর্তী সহ এলাকার বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা। আমন্ত্রিত অতিথিদের সম্মান জানাতে থানার পক্ষ থেকে তাঁদের উত্তরীয়, পুষ্পস্তবক ও স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয়। পুলিশ প্রশাসন ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠান এক অপূর্ব সম্প্রীতির মেলবন্ধনে পরিণত হয়।