সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

নোয়াখালীতে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন 
অনলাইন ডেস্ক / ২১ বার
আপডেট টাইমঃ রবিবার, ১ নভেম্বর, ২০২৬

 

 

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী :

 

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

 

রোববার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, নোয়াখালীর উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুব সংগঠক, সফল আত্মকর্মী এবং সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সাজ্জাদ হায়দার ভূঁইয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শফিকুর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বিশাল যুব জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হলে কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং উদ্যোক্তা তৈরির সুযোগ সম্প্রসারণ করতে হবে।

 

তারা আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে যুবকদের সময়োপযোগী দক্ষতা অর্জন, আত্মবিশ্বাস ও উদ্ভাবনী চিন্তায় এগিয়ে আসতে হবে। শুধু চাকরির প্রত্যাশী না হয়ে নিজেদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার মাধ্যমে অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও যুবসমাজকে এগিয়ে আসতে হবে।

 

অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশে যুবকদের আত্মকর্মসংস্থান ও ক্ষুদ্র উদ্যোগ গড়ে তোলার লক্ষ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি নিজ নিজ কর্মক্ষেত্রে সাফল্য অর্জনকারী আত্মকর্মী এবং সমাজ উন্নয়নে অবদান রাখা যুব সংগঠকদের কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

 

বক্তারা বলেন, যুবসমাজকে যথাযথ প্রশিক্ষণ, আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হলে তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি জাতীয় অর্থনীতি ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

 

অনুষ্ঠানে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, নোয়াখালীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, যুব সংগঠক, সফল আত্মকর্মীসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

 

জাতীয় যুব দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীর যুবসমাজকে দক্ষতা অর্জন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা পালনে উৎসাহিত করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট