নান্নু মিয়া, স্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জের বানিয়াজুড়ি ইউনিয়নে রাজনৈতিক রূপ বদলেও বদলায়নি ক্ষমতার দাপট। এলাকার আলোচিত ব্যক্তিত্ব ও বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু আনসারী—যিনি একসময় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন—এখন নিজেকে বিএনপির সমর্থক দাবি করছেন।
৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিল্টুর রাজনৈতিক অবস্থান নিয়ে এলাকায় শুরু হয়েছে নানামুখী আলোচনা। এক সময়ে ইউনিয়নের বিভিন্ন কর্মকাণ্ডে তার প্রভাবশালী ভূমিকা থাকলেও, এখন নতুন রাজনৈতিক রঙে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অনুসন্ধানে জানা গেছে, বিল্টু আনসারী বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক পদে থাকা অবস্থায় ভোট বর্জনের লিফলেট বিতরণের সময় নেতাকর্মীদের পুলিশ দিয়ে হয়রানি করাতেন। তিনি বলেন, “এখানে কোন বিএনপির লিফলেট বা পোস্টার বিতরণ করা যাবে না।” এখন আবার নিজেকে বিএনপির ত্যাগী নেতা হিসেবে দাবি করছেন।
স্থানীয়রা বলছেন, “রাজনীতি বদলায়, কিন্তু বিল্টুর আচরণ বদলায় না। যেই ক্ষমতায় থাকুক, সে সেই দলে গিয়ে জায়গা করে নেয়।” তাদের দাবি, বিল্টুর এই দ্বৈত চরিত্র ও ক্ষমতার মুখোশ এখন উন্মোচিত হওয়া প্রয়োজন। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হয়েও তিনি জনগণের পাশে না থেকে কেবল নিজের অবস্থান ও স্বার্থ রক্ষায় ব্যস্ত।
এলাকার সচেতন নাগরিকরা প্রত্যাশা করছেন—নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে এমন স্বার্থান্ধ রাজনীতিকদের কর্মকাণ্ডের সঠিক তদন্ত হোক এবং জনগণের প্রকৃত প্রতিনিধি হিসেবে ইউনিয়ন পরিষদে সুশাসন প্রতিষ্ঠিত হোক।