নিজস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর আনুমানিক ৬টার দিকে বনপাড়া–হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নিহতদের মধ্যে একজন কাভার্ডভ্যান চালক সোহাগ হোসেন (৩০)। তিনি নাটোরের নলডাঙ্গা উপজেলার বেলঘড়িয়া এলাকার বাসিন্দা ফরজ আলীর ছেলে। অপরজন বিপ্লব হোসেন (২৮), টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের ওহেদ আলীর ছেলে। তিনি তাকওয়া ফুড কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক মহাসড়কের ওই অংশে দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান পিছন থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।