এ জেড সুজন লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলায় পরিবেশ আইন লঙ্ঘন করে পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে একাধিক ইটভাটাকে জরিমানা করা হয়েছে এবং অবৈধ কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবীর হোসেনের নেতৃত্বে উপজেলার কলারডর থেকে বাকনা এলাকা পর্যন্ত মোট ৭টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ভাটাগুলোকে আর্থিক জরিমানা করা হয়। এর মধ্যে
এজিএস ইটভাটা—২ লাখ টাকা
এজিআর ইটভাটা—৩ লাখ টাকা
এইচএম ইটভাটা—২ লাখ টাকা
এজিএম ইটভাটা—১ লাখ টাকা
এসকেএন ইটভাটা—৩ লাখ টাকা
বিএমবি ইটভাটা—২ লাখ টাকা
এসআরবি ইটভাটা—২ লাখ টাকা
সব মিলিয়ে মোট ১৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় অবৈধভাবে প্রস্তুত করা কাঁচা ইট ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবীর হোসেন জানান, পরিবেশ সুরক্ষা ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।