নিজস্ব প্রতিবেদ
সাংবাদিক আব্দুল হালিম মন্ডলের ইন্তেকালে শোকাহত সাংবাদিক সমাজ
বাংলাদেশ প্রেসক্লাব বগুড়া জেলা শাখা ও রাজশাহী বিভাগের সভাপতি এবং দৈনিক জয়সাগর পত্রিকার উপদেষ্টা সম্পাদক, প্রবীণ সাংবাদিক আব্দুল হালিম মন্ডল ইন্তেকাল করেছেন।
সোমবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক ৮টায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মরহুমের ইন্তেকালে সাংবাদিকতা অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
জানা গেছে, মঙ্গলবার (২০ জানুয়ারি) মরহুম সাংবাদিক আব্দুল হালিম মন্ডলের প্রথম জানাজা বগুড়ার গাবতলী উপজেলায় তাঁর নিজ এলাকায় অনুষ্ঠিত হবে। জানাজায় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
এদিকে তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন চ্যানেল এস টিভির বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাব বড়াইগ্রাম শাখার সদস্য সচিব মোঃ সাহাবুল আলম।
শোকবার্তায় তিনি বলেন,
“আমার মাথার ওপর হাত রাখার একজন অভিভাবকসুলভ বড় ভাইকে হারালাম। হালিম ভাই ছিলেন আমার পথচলার প্রেরণা। তিনি আমাকে সবসময় ‘ছোট ভাই’ বলে স্নেহ করতেন এবং সাংবাদিকতা ও জীবনের প্রতিটি ক্ষেত্রে নৈতিকতা ও সততার সঙ্গে চলার উপদেশ দিতেন।”
তিনি আরও বলেন,
“বাংলাদেশ প্রেসক্লাব বড়াইগ্রাম শাখার দায়িত্ব পালনে তিনি আমাকে সাহস, দিকনির্দেশনা ও অনুপ্রেরণা দিয়ে পাশে ছিলেন। তাঁর শূন্যতা কোনোভাবেই পূরণ হওয়ার নয়।”
সাংবাদিক আব্দুল হালিম মন্ডলের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সহকর্মীরা।
আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন।