মোঃ মানিক শেখ মেলান্দহ উপজেলা প্রতিনিধিঃ
ইয়াবাসহ ছাত্রদলের দুই নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের কর্মকর্তারা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ মার্চ) রাতে মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছাত্রদলের দুই নেতাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন— আদ্রা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি আনিছুর রহমান এবং একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক এনামুল হক।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিরা ছাত্রদলের নেতা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি মাদকবিরোধী অভিযানে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।