বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় অবস্থিত মদিনা ফিলিং স্টেশনে তেল সংগ্রহকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে চরম উত্তেজনা, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে জনমনে ক্ষোভ ও উদ্বেগের জন্ম দিয়েছে।
ভাইরাল হওয়া ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল আরোহীদের মধ্যে শৃঙ্খলা ভেঙে সামনে যাওয়াকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বনপাড়া পৌর শ্রমিকদল নেতা জালাল ভূঁইয়া প্রকাশ্যে এক মোটরসাইকেল আরোহীকে চড় মারেন—যা সরাসরি ভিডিওতে ধরা পড়ে।
ঘটনাস্থলে বড়াইগ্রাম থানার তদন্ত কর্মকর্তা মাহবুব এবং বনপাড়া তদন্ত কেন্দ্রের ওসি সুমন উপস্থিত ছিলেন। কিন্তু তাদের উপস্থিতির মধ্যেই এমন ঘটনা ঘটায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা ও দায়িত্ববোধ নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন।
ভিডিওতে আরও দেখা যায়, বনপাড়া তদন্ত কেন্দ্রের ওসি সুমনও ওই মোটরসাইকেল আরোহীর প্রতি উত্তেজিত আচরণ করেন এবং ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পরিবর্তে এমন আচরণ জনমনে ক্ষোভ আরও বাড়িয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
সচেতন মহলের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে একজন সাধারণ মানুষ যদি প্রকাশ্যে নিগ্রহের শিকার হন, তবে তা শুধু বিচ্ছিন্ন ঘটনা নয়—বরং সামগ্রিক শাসনব্যবস্থার দুর্বলতার প্রতিফলন। প্রশাসনের দায়িত্বশীলতার ঘাটতি এবং শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার বিষয়টি এখানে স্পষ্টভাবে উঠে এসেছে।
ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো দৃশ্যমান পদক্ষেপ বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এতে করে জনমনে আরও অসন্তোষ তৈরি হচ্ছে। অবিলম্বে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।