শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

টুঙ্গিপাড়ায় কলেজ থেকে মালামাল চুরির অভিযোগে ছাত্রদল সভাপতি আটক, সমঝোতায় মুক্তি
অনলাইন ডেস্ক / ১৮ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

 

মোঃ শান্ত শেখ টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি।

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল, ফ্যান ও নির্মাণসামগ্রী চুরির অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাহেদ তালুকদারকে আটক করেছিল পুলিশ। পরবর্তীতে বাদী পক্ষের সাথে সমঝোতা হওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।

 

ঘটনার বিবরণ দিয়ে ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান জানান, গত ২৭ অক্টোবর দুপুরে দাপ্তরিক কাজ শেষে তিনি বাড়ি ফিরে যান। পরবর্তীতে পৌনে তিনটার দিকে এক শিক্ষক ফোন করে জানান যে, ছাত্রদল সভাপতি সাহেদ তালুকদার ও তাঁর সহযোগীরা কলেজের পরিত্যক্ত ভবনের জানালা, বারান্দার গ্রিল ও ৩টি ফ্যান জোরপূর্বক খুলে নিয়ে যাচ্ছেন। খবর পেয়ে তিনি দ্রুত কলেজে গিয়ে ঘটনার সত্যতা পান। শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পদ চুরির ঘটনা দুঃখজনক উল্লেখ করে তিনি জানান, কলেজের পরিচালনা কমিটির সাথে পরামর্শ করেই থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল।

 

অভিযোগ সূত্রে জানা যায়, খোয়া যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা। ঘটনার সময় কলেজের কর্মচারী রিথুন তালুকদার ও নির্মাণশ্রমিকেরা বাধা দিলে অভিযুক্তরা তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ ও বিভিন্ন ধরনের হুমকি দেন। এছাড়া কলেজের নতুন ভবন নির্মাণের জন্য আনা প্রায় ২০০ কেজি রড চুরির অভিযোগও এতে উল্লেখ করা হয়।

 

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ূব আলী জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে সাহেদ তালুকদারকে আটক করা হয়েছিল। তবে পরবর্তীতে বাদী পক্ষের সাথে আসামির সমঝোতা হওয়ায় আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি এবং শুক্রবার বিকেলে তাঁকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।

 

সমঝোতার বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ মো. হাবিবুর রহমান বলেন, কলেজের সভাপতি অ্যাডভোকেট কাজী আবুল খায়েরের নির্দেশে অভিযোগ তুলে নেওয়া হয়েছে। থানায় মুচলেকা দিলে পরিবারের জিম্মায় সাহেদ তালুকদারকে ছেড়ে দেওয়া হয়।

 

এদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব সাজিদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাহেদ তালুকদারকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

 

এছাড়া, কলেজের নতুন ভবন নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান সৌরভ ট্রেডার্স-এর কাছে চাঁদা দাবি এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শ্রমিকদের ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। এলাকার বিভিন্ন বাড়িতে চুরি, সড়কের সাইনবোর্ড থেকে লোহার পাইপ খুলে নেওয়া এবং মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে তাঁর জড়িত থাকার অভিযোগও তুলেছেন স্থানীয় কিছু বাসিন্দা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাহেদ তালুকদার বা তাঁর পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট