নিজস্ব প্রতিবেদক
ডেস্ক রিপোর্ট :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের জন্য কার্ড ইস্যুর পদ্ধতিতে বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার আর সশরীরে দৌড়ঝাঁপ নয়—অনলাইনে আবেদন করলেই মিলবে সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পূর্ববর্তী প্রতিটি নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সরাসরি গিয়ে আবেদন করতে হতো। অনুমোদনের পর কার্ড ও গাড়ির স্টিকার সংগ্রহ করতে গিয়ে সময় নষ্টের পাশাপাশি কমিশনের ব্যয়ও বাড়ত। এসব জটিলতা দূর করতেই এবার পুরো প্রক্রিয়া অনলাইনে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মো. রুহুল আমিন মল্লিক আরও বলেন, এ উদ্দেশ্যে নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট ওয়েবসাইট চালু করেছে। সেখানে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে। আবেদন অনুমোদন হলে দেশীয় সাংবাদিকরা ঘরে বসেই নিজেদের সাংবাদিক কার্ড ডাউনলোড করতে পারবেন। একইভাবে দেশীয় পর্যবেক্ষকরা তাদের কার্ড ও গাড়ির স্টিকার সংগ্রহ করতে পারবেন।
আবেদন করতে হবে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার নির্ধারিত ওয়েবসাইটে। আবেদনকালে অফিসের প্যাডে করা আবেদনপত্রের কপি, পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করা বাধ্যতামূলক। তবে ফ্রিল্যান্স সাংবাদিকদের ক্ষেত্রে পিআইডি কার্ড থাকা আবশ্যক বলে জানিয়েছে ইসি।
নতুন এই উদ্যোগকে নির্বাচন ব্যবস্থাপনায় সময় সাশ্রয়ী ও ডিজিটালাইজেশনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।