নিজস্ব প্রতিবেদক
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ প্রেসক্লাব-এর শ্রীপুর উপজেলা শাখা। একুশের প্রথম প্রহরে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন শাখার সভাপতি মাহাবুল আলম, সাধারণ সম্পাদক নাঈম হাসান, মহিলা বিষয়ক সম্পাদিকা পায়েল সরকার, সদস্য রুবিয়া আক্তার ও হৃদয় খানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। শহীদ মিনারে ফুল দিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
সভাপতি মাহাবুল আলম তার বক্তব্যে বলেন, “একুশ আমাদের অহংকার, আমাদের আত্মপরিচয়ের ভিত্তি। ভাষার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের ত্যাগের বিনিময়েই আজ আমরা স্বাধীন দেশে নিজের ভাষায় কথা বলার অধিকার পেয়েছি। নতুন প্রজন্মকে একুশের চেতনা হৃদয়ে ধারণ করতে হবে।”
সাধারণ সম্পাদক নাঈম হাসান বলেন, “মাতৃভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের সংস্কৃতি ও জাতিসত্তার মূল ভিত্তি। সাংবাদিক সমাজের দায়িত্ব সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরার পাশাপাশি ভাষা আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া।”
বক্তারা আরও বলেন, একুশের চেতনা ধারণ করে দেশ ও সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভাষা শহীদদের আত্মত্যাগ কখনও বৃথা যেতে পারে না—তাদের রক্তে রাঙানো পথ ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ।
অনুষ্ঠানটি ছিল শ্রদ্ধা, আবেগ ও দেশপ্রেমে ভরপুর। মহান একুশের এই তাৎপর্যপূর্ণ দিনে বাংলাদেশ প্রেসক্লাব শ্রীপুর উপজেলা শাখার এমন উদ্যোগ উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়।