বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

সচিবের অবসরের পরই বড়াইগ্রাম সদর ইউনিয়ন পরিষদে দুই সরকারি ল্যাপটপ উধাও: নিরাপত্তা ও তথ্য সুরক্ষা নিয়ে তীব্র প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি
অনলাইন ডেস্ক / ৩৮ বার
আপডেট টাইমঃ সোমবার, ৩ আগস্ট, ২০২৬

 

 

বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে রহস্যজনকভাবে দুটি সরকারি ল্যাপটপ চুরির ঘটনায় জনমনে ব্যাপক উদ্বেগ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। প্রাথমিক তথ্যমতে, গত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, চুরি যাওয়া দুটি সরকারি ল্যাপটপের একটি ইউনিয়ন পরিষদের সচিবের ব্যবহৃত এবং অপরটি তথ্য উদ্যোক্তার দায়িত্বে ব্যবহৃত ছিল। সরকারি গুরুত্বপূর্ণ সরঞ্জাম এভাবে উধাও হওয়ার ঘটনায় প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

 

প্রাথমিকভাবে জানা যায়, ওই রাতে রুটিন অনুযায়ী চৌকিদার মোবারক ও আলালের দায়িত্বে থাকার কথা থাকলেও দায়িত্ব পালন করছিলেন চৌকিদার বিল্লাল। তার দায়িত্ব পালনের সময়েই চুরির ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের সচিব পরিমল কুমার সম্প্রতি অবসরে গেছেন। নতুন সচিব যোগদানের আগমুহূর্তে এমন একটি ঘটনা ঘটায় বিষয়টি আরও বেশি রহস্যের জন্ম দিয়েছে।

 

স্থানীয়দের প্রশ্ন, সরকারি কার্যালয়ের অন্যান্য মূল্যবান মালামাল অক্ষত থাকলেও কেন শুধু সচিব ও তথ্য উদ্যোক্তার ব্যবহৃত সরকারি ল্যাপটপ দুটি লক্ষ্যবস্তু হলো? ল্যাপটপগুলোতে গুরুত্বপূর্ণ সরকারি তথ্য বা নথি ছিল কি না, কিংবা এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না—এসব বিষয় নিয়েও নানা আলোচনা চলছে। তবে এসব বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

 

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, বিষয়টিকে সাধারণ চুরির ঘটনা হিসেবে না দেখে গুরুত্বের সঙ্গে তদন্ত করতে হবে। নিরাপত্তায় কোনো গাফিলতি ছিল কি না, সরকারি তথ্য সুরক্ষা বিঘ্নিত হয়েছে কি না এবং ঘটনার সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র বা অন্য কোনো পক্ষ জড়িত কি না—এসব বিষয় নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দ্রুত উদঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে। সরকারি সম্পদ ও জনগণের আস্থা রক্ষায় প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট