বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম হেফাজতে ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার, ফতোয়াবাজি ও হুমকির অভিযোগ তুলে এর প্রতিবাদ এবং সদস্যদের জানমালের নিরাপত্তার দাবিতে নাটোরে সংবাদ সম্মেলন করেছে হেযবুত তওহীদ।
বুধবার দুপুরে বনপাড়ায় সংগঠনটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন নাটোর জেলা হেযবুত তওহীদের সভাপতি আব্দুস সবুর খান।
সংবাদ সম্মেলনে আব্দুস সবুর খান দাবি করেন, গত ১ আগস্ট নোয়াখালী জেলা স্কুল মাঠে হেফাজতে ইসলামের সমাবেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে উসকানিমূলক ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে। সংগঠনটির ইমাম, সদস্য ও সমাবেশে অংশ নেওয়া নারীদের নিয়েও অবমাননাকর বক্তব্য এবং হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও দাবি করেন, অতীতে উগ্রবাদীদের ইন্ধনে নোয়াখালীর পোরকরা গ্রামে হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিমের বাড়িতে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সংগঠনটির কয়েকজন সদস্য নিহত ও শতাধিক আহত হয়েছেন বলেও তিনি দাবি করেন।
আব্দুস সবুর খান বলেন, হেযবুত তওহীদ একটি অরাজনৈতিক সংস্কারমূলক আন্দোলন। আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে দীর্ঘদিন ধরে তারা উগ্রবাদ, সন্ত্রাসবাদ ও ধর্মের নামে ব্যবসার বিরুদ্ধে কাজ করে আসছে।
সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে উসকানি ও ফতোয়া দেওয়ার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ ব্যবহার করে উসকানি বন্ধ, সংগঠনের কার্যালয় ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত এবং মতপ্রকাশ ও ধর্মীয় অধিকার রক্ষার দাবি জানানো হয়।
এ সময় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের উগ্রবাদ, মব সহিংসতা ও ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।