বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

মোড়ক উন্মোচিত হলো সাংবাদিক মেহেদী হাসানের ‘অপারেশন নেমেসিস’
অনলাইন ডেস্ক / ১৪ বার
আপডেট টাইমঃ বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

 

মোঃ শান্ত শেখ টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি।

 

বাচিকশিল্পী ও সাংবাদিক মেহেদী হাসানের থ্রিলার ও অ্যাডভেঞ্চার উপন্যাস ‘অপারেশন নেমেসিস’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। লেখকের জন্মতিথি উপলক্ষে আজ বুধবার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

 

লেখক মাতা সামছুন্নাহার বইটির মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে সহকারী শিক্ষক আশিকুর রহমান সাহেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ডঃ এমদাদুল হক কলেজের সাবেক অধ্যক্ষ জিন্নুরাইন সিকদার।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, সাংস্কৃতিক কর্মী প্রদ্যুৎ রায়, কবি মিন্টু রায়, কবি শরীফ এমদাদুল হক, বীর মুক্তিযোদ্ধা ডা. একরামুল হক, বিশিষ্ট গুণীজন আবুল বাশার, গোলাম মোস্তফা এবং জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবরুল ইসলাম,আবুল হাসান মুন, সাংবাদিক শফিকুল ইসলাম ও সাংবাদিক সজল সরকার প্রমুখ।

 

‘অপারেশন নেমেসিস’ লেখক মেহেদী হাসানের দ্বিতীয় গ্রন্থ। বইটি প্রকাশ করেছে শোভা প্রকাশ এবং প্রচ্ছদ করেছেন মো. কামরুজ্জামান তালুকদার।

 

থ্রিলার উপন্যাসটিতে রহস্য, বিপদ, নাটকীয়তা, কাহিনির চমক ও অ্যাডভেঞ্চারের পাশাপাশি গোপন অপারেশন, গোয়েন্দা তথ্য, প্রযুক্তি, ভূগোল, রাজনৈতিক ও সামাজিক পটভূমি, বিশ্বাসঘাতকতা এবং সময়ের চাপের মতো বিষয় উঠে এসেছে। লেখক সাবেক পুলিশ সদস্য হওয়ায় অভিযান ও অপারেশনের বিভিন্ন বর্ণনায় তাঁর বাস্তব অভিজ্ঞতার ছাপ রয়েছে বলে বইটির আলোচনায় উঠে আসে।

 

উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র অগ্নিভ। শক্তিশালী প্রতিপক্ষের মোকাবিলায় তার সাহস, বিচক্ষণতা ও দেশপ্রেমের মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প। রহস্য ও টানটান উত্তেজনার পাশাপাশি দেশপ্রেম ও সত্যের জয়কে গল্পের অন্যতম প্রধান অনুষঙ্গ হিসেবে তুলে ধরা হয়েছে।

 

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে লেখক মেহেদী হাসান বলেন, “লেখালেখি আমার কাছে শুধু গল্প বলা নয়, বরং পাঠকের সঙ্গে একটি নতুন জগৎ তৈরি করার চেষ্টা। ‘অপারেশন নেমেসিস’ লিখতে গিয়ে থ্রিলার ও অ্যাডভেঞ্চারের পাশাপাশি , দেশপ্রেম, দায়িত্ববোধ এবং সত্যের প্রতি অটল থাকার বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। সাবেক পুলিশ সদস্য হিসেবে আমার কিছু বাস্তব অভিজ্ঞতা ও পর্যবেক্ষণও গল্প নির্মাণে কাজে লেগেছে। বইটি পাঠকদের ভালো লাগলে সেটিই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”

 

তিনি আরও বলেন, “নিজের জন্মদিনে মায়ের হাতে নিজের দ্বিতীয় বইয়ের মোড়ক উন্মোচন হওয়া আমার জন্য অত্যন্ত আবেগের ও আনন্দের মুহূর্ত। যারা আমাকে লেখালেখিতে উৎসাহ দিয়েছেন এবং আজকের আয়োজনে উপস্থিত হয়ে ভালোবাসা জানিয়েছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞ।”

 

অনুষ্ঠানে বক্তারা ‘অপারেশন নেমেসিস’-এর কাহিনি, চরিত্র নির্মাণ ও লেখকের উপস্থাপনার প্রশংসা করেন। তারা বলেন, রহস্য, অ্যাকশন, অ্যাডভেঞ্চার ও দেশপ্রেমের সমন্বয়ে বইটি পাঠকদের আকৃষ্ট করবে।

 

লেখকের দ্বিতীয় গ্রন্থ ‘অপারেশন নেমেসিস’ এখন পাঠকদের জন্য উন্মুক্ত। এছাড়া বইটি রকমারি ডট কমে পাওয়া যাচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট