মোঃ ছাবেদুল সরকার
পাবনা জেলা প্রতিনিধি
পাবনার ফরিদপুর উপজেলার বিলচান্দক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিদ্যালয়ের হলরুমে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় নবগঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি, সহ-সভাপতি, সদস্য, শিক্ষক প্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, বিদ্যালয় পরিচালনায় শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার্থীদের জন্য অনুকূল শিক্ষার পরিবেশ তৈরি এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বিলচান্দক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ণাঙ্গ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) গঠন ও অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন মোঃ বাবুল আক্তার। কমিটির সদস্য হিসেবে রয়েছেন আব্দুস সামাদ, আরিফা খাতুন, আছমা খাতুন, এনামুল হক ও সুবর্নাসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা।
এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য-সচিব হিসেবে রাখা হয়েছে। কমিটিতে শিক্ষক প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি, বিদ্যোৎসাহী সদস্য, জমিদাতা ও স্থানীয় প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি মোঃ বাবুল আক্তার বক্তব্যে বলেন, বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে। বিদ্যালয়ের যেসব সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সমন্বয়ে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনার পরিবেশ আরও সুন্দর করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
পরিচিতি সভায় বক্তারা বলেন, নতুন ব্যবস্থাপনা কমিটি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পড়াশোনার মানোন্নয়ন, বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা সমাধানে কমিটির সদস্যরা সমন্বিতভাবে কাজ করবেন।
সভা শেষে নবগঠিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।