মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

বেগমগঞ্জে ব্যবসায়ীকে গুলি করে পালাল মুখোশধারীরা, জড়িতদের শনাক্তে পুলিশের তদন্ত
অনলাইন ডেস্ক / ৬৩ বার
আপডেট টাইমঃ রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

 

 

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী:

 

নোয়াখালীর বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে মিজানুর রহমান ওরফে মিজান (৩৪) নামে এক ব্যবসায়ীকে গুলি করেছে একদল সশস্ত্র দুর্বৃত্ত। শনিবার (১৭ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জিনু মার্কেটের মিজান স্টোরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যবসায়ীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

 

গুলিবিদ্ধ মিজান বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব জয়নারায়ণপুর গ্রামের আহাম্মদ উল্যার নতুন বাড়ির আহাম্মদ উল্যাহর ছেলে। তিনি স্থানীয় জামায়াতে ইসলামীর একজন সমর্থক বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে নিজের মুদি দোকানে বেচাকেনা নিয়ে ব্যস্ত ছিলেন মিজান। এ সময় মুখোশ পরা ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল দোকানে প্রবেশ করে। একপর্যায়ে দুর্বৃত্তরা খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পেটের বাঁ পাশে, বাঁ হাতে এবং বাঁ পায়ের উরুতে গুলি লাগে। গুলিবিদ্ধ হয়ে তিনি দোকানের মেঝেতে লুটিয়ে পড়েন। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

স্থানীয় লোকজন আহত মিজানকে উদ্ধার করে প্রথমে ৫০ শয্যাবিশিষ্ট বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে তাৎক্ষণিকভাবে হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি।

 

এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. আবু জায়েদ বলেন, মিজান তাদের পরিচিত এবং তিনি জামায়াতের একজন সমর্থক। তার দাবি, ২০২০ সালেও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই ব্যবসায়ীর ওপর হামলা চালিয়েছিলেন। সে সময় তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এবার মুখোশ পরে দোকানে ঢুকে তাকে গুলি করা হয়েছে। হামলায় কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি বলে উল্লেখ করে তিনি এ ঘটনায় নিষিদ্ধ সংগঠনের লোকজন জড়িত থাকতে পারেন বলে ধারণা প্রকাশ করেন।

 

অন্যদিকে, বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, ছররা গুলিতে ওই ব্যবসায়ী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের তদন্তের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট