বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর আনুমানিক ৪:১৫ ঘটিকায় বনপাড়া-পাবনা মহাসড়কের সরদারপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে বাস ও ট্রাকের একাংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর বনপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ, বড়াইগ্রাম থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় জনগণের সহযোগিতায় সমন্বিত উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের দ্রুত উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার খবর পেয়ে নাটোর জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসক দ্রুত ঘটনাস্থল এবং নাটোর সদর হাসপাতাল পরিদর্শন করেন। তাঁরা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং নিহতদের পরিচয় শনাক্তকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। প্রশাসন সূত্রে জানা গেছে, নিহত ১২ জনের মধ্যে ইতিমধ্যে ১০ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। শনাক্তকৃত ব্যক্তিরা হলেন:
• মো. সোহেল রানা (বাসচালক, রাজশাহী)
• আবুল কালাম (ট্রাকচালক, ঝিনাইদহ)
• আনোয়ার হক (রাজশাহী)
• তাছফিয়া (শিশু, পটুয়াখালী)
• শহিদুল ইসলাম (পটুয়াখালী)
• আব্দুর সামাদ ফকির (শরীয়তপুর)
• জুয়েল রানা (শরীয়তপুর)
• সালাল মোল্লা (শরীয়তপুর)
• মো. শাহিন (শরীয়তপুর)
• সোহাগ হোসেন (শরীয়তপুর)
বাকি ২ জনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে তাঁদের পরিচয় উদ্ঘাটনে হাইওয়ে পুলিশ কাজ করছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তাও রয়েছেন বলে জানা গেছে।
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ীদের চিহ্নিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে জরুরি দাফন ও আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। মহাসড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।