নাটোর প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গায় চাহিদামতো সার না পেয়ে ক্ষোভ ও উত্তেজনা প্রকাশ করেছেন স্থানীয় কৃষকেরা। ডিলারের দোকানে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়েও সার না পাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতির অবনতি ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, চলতি বোরো ও রবি মৌসুমে জমিতে সারের চাহিদা বেশি থাকলেও ডিলারের দোকানে পর্যাপ্ত সার পাওয়া যাচ্ছে না। ফলে ভোররাত থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও অনেক কৃষককে খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে। এতে একদিকে চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে কৃষকদের মধ্যে বাড়ছে অসন্তোষ।
কৃষকদের আরও অভিযোগ, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে সার পাচ্ছেন না। অথচ কিছু ব্যক্তি বিভিন্নভাবে টোকেন সংগ্রহ করে লাইনের আগে গিয়ে সার নিয়ে যাচ্ছেন। এমনকি অনেকে চাষাবাদ না করেও ভ্যানভর্তি সার নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তারা। এতে প্রকৃত কৃষকেরা প্রয়োজনীয় সার থেকে বঞ্চিত হচ্ছেন।
কৃষকেরা বলেন, জমিতে সারের প্রয়োজনীয় সময়ে চাহিদামতো সার না পেলে চাষাবাদ ব্যাহত হবে। তাই প্রকৃত কৃষকদের তালিকা ও জমির পরিমাণ বিবেচনায় নিয়ে সুষ্ঠু তদারকির মাধ্যমে সার বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপজেলা কৃষি অফিস ও নলডাঙ্গা থানা থেকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। পাশাপাশি সুশৃঙ্খলভাবে সার বিতরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষিবিদ সবুজ আলী বলেন, উপজেলায় সারের কোনো সংকট নেই। সারের কৃত্রিম সংকট যাতে তৈরি না হয় এবং ডিলাররা যাতে নিয়মতান্ত্রিকভাবে কৃষকদের মধ্যে সার বিতরণ করেন, সে জন্য তদারকি জোরদার করা হয়েছে। কৃষকদের আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে প্রতিটি এলাকায় পর্যাপ্ত সার সরবরাহ করা হবে।