প্রতিনিধি | রাজশাহী
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং চারঘাট–বাঘা আসনের সম্ভাব্য প্রার্থী আবু সাইদ চাঁদ বলেছেন, একটি জাতির ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। একটি প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তোলা মানেই কেবল রাষ্ট্রের উন্নয়ন নয়, বরং সমাজে জ্ঞান, ন্যায়বিচার ও মানবিকতার ভিত শক্ত করা। তাই শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজশাহীর সারদা পুলিশ একাডেমি চত্বরে বাংলাদেশ শিক্ষক সমিতি, চারঘাট উপজেলা শাখার আয়োজনে বার্ষিক প্রীতিভোজ ও চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আবু সাইদ চাঁদ বলেন, গত ১৭ বছরে শিক্ষা খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তবে এই সময়ে সেই মেরুদণ্ড ভেঙে ফেলা হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করতে পারলে শিক্ষা খাতের উন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে। শিক্ষাঙ্গনে আর কোনো ক্যাডার রাজনীতি চলতে দেওয়া হবে না। শিক্ষার্থীদের জায়গা হবে পড়ার টেবিলে—এই লক্ষ্যেই পাঠদান নিশ্চিত করতে হবে।
শিক্ষকদের উদ্দেশে আবু সাইদ চাঁদ বলেন, এখন আর নানা দাবি-দাওয়া নয়, একটাই দাবি—শিক্ষকদের চাকরি জাতীয়করণ। এ দাবিতে তিনি শিক্ষকদের পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে শিক্ষক সমিতির জন্য একটি অফিস ভবন নির্মাণ করে দেওয়ার ঘোষণাও দেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রশিদুল হাসান, পৌর বিএনপির সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক নজমুল হক, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, সাবেক কাউন্সিলর মোজাফফর হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।