বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের কৃষি খামার থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক / ১৫৭ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের একটি কৃষি খামার থেকে নিরব (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টার দিকে মিলের গোবিন্দপুর কৃষি খামারের ১০ নম্বর প্লটের একটি ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নিরব লালপুর উপজেলার বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামের নাছির উদ্দিনের ছেলে। সে বালিতিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। নিরব পরিবারের বড় সন্তান। তার আরও একটি ছোট ভাই রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে নিরবের মোবাইল ফোনে একটি কল আসে। ফোনটি পাওয়ার পর সে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর সে বাড়িতে ফিরে আসেনি। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তার কোনো সন্ধান পাননি। পরদিন কৃষি খামারের ড্রেনে একটি কিশোরের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
গোবিন্দপুর কৃষি খামারের প্রধান জুয়েল হোসেন বলেন, সংশ্লিষ্ট ব্লকের ওয়াচম্যান তাকে ফোন করে ড্রেনে একটি লাশ ভাসতে দেখার কথা জানায়। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে লালপুর থানায় বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, “মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।”
কিশোর নিরবের মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এ ঘটনায় পুরো এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট