বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কে. এম. জিল্লুর রহমান জিন্না (৪০) হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার মহিষভাঙ্গা গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রয়াত ডা. আয়নুল হকের পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বিকেল ৩টায় মহিষভাঙ্গা প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সহস্রাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল হাকিম, বড়াইগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সদস্য অধ্যাপক লুৎফর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক প্রভাষক আব্দুল আলীম, নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুদ্দোহা, মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল, বিএনপি নেতা আব্দুল সালাম মোল্লা, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।