আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধি
আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা, কবিতা পাঠ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, জামালপুর এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে, জেলা শিল্পকলা একাডেমী, জামালপুর ভেন্যুতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন এমপি, মাননীয় সংসদ সদস্য, জামালপুর-৫। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ ইউসুপ আলী, জেলা প্রশাসক, জামালপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, পুলিশ সুপার, জামালপুর; প্রফেসর মোঃ শওকত আলম মীর, অধ্যক্ষ, সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর; এবং ডা. মোঃ আজিজুল হক, সিভিল সার্জন, জামালপুর। অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর মোঃ আব্দুল হাই আলহাদী, বাংলা বিভাগ, সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর।
বক্তারা তাঁদের বক্তব্যে ভাষা আন্দোলনের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং মাতৃভাষার মর্যাদা রক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠার এক অবিস্মরণীয় অধ্যায়। ভাষা শহীদদের ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে নতুন প্রজন্মকে ইতিহাস জানতে ও চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। পরে, শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা পাঠ এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।