বোরহান উদ্দিন বুলবুল বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন ২০২৬) সকাল ৯টায় বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ উপলক্ষে এক আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ডলি রানী, বিলকিস আরা বানু, নার্সিং কর্মকর্তা এবং স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মস্থলের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে। মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গু বিস্তার রোধ করা সম্ভব।
পরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়।
এবারের ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির প্রতিপাদ্য ছিল
“নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি।”
বক্তারা সকলকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান।