বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

জোনাইল–চামটা–চলনবিল সড়কের বেহাল দশা: দুর্ভোগে হাজারো মানুষ
অনলাইন ডেস্ক / ১৭৮ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

 

 

বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি : শাওন রোজারিও,

 

নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের জোনাইল বাজার থেকে চামটা গ্রাম হয়ে চলনবিল পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ সড়কটি বর্তমানে চরম বেহাল অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার ও উন্নয়নের অভাবে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি বর্ষা মৌসুমে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। কাদা ও পানিতে সড়কটি এখন যেন দুর্ভোগের আরেক নাম।

 

স্থানীয়দের অভিযোগ, বহু জনপ্রতিনিধি ও দায়িত্বশীল ব্যক্তি বিভিন্ন সময়ে রাস্তা সংস্কার ও পাকা করার প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকার হাজারো মানুষ।

 

এই সড়কের পাশে রয়েছে মসজিদ, এতিমখানা, মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিক, কবরস্থান এবং একটি ছোট বাজার। এছাড়া চলনবিল এলাকার কৃষকদের উৎপাদিত ধানসহ বিভিন্ন ফসল এই রাস্তা দিয়েই বাজারে আনা হয়। কিন্তু রাস্তার করুণ অবস্থার কারণে কৃষকরা তাদের পণ্য পরিবহনে অতিরিক্ত খরচ ও দুর্ভোগের মুখোমুখি হচ্ছেন।

 

সবচেয়ে বেশি কষ্টে রয়েছে শিক্ষার্থীরা। প্রতিদিন ছোট ছোট শিশুদের কাদা মাড়িয়ে স্কুল ও মাদ্রাসায় যেতে হয়। অনেক সময় তারা পড়ে গিয়ে আহতও হয়। অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া কিংবা জরুরি চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াও অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এমনকি কোনো মৃত্যুর ঘটনা ঘটলেও জানাজা ও দাফনের জন্য মরদেহ বহনে চরম দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের।

 

এলাকাবাসীর দাবি, এটি শুধু একটি রাস্তা নয়; বরং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে মানুষের জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ সংযোগপথ। তাই দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার ও পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

 

স্থানীয়দের প্রশ্ন, আর কতদিন অপেক্ষা করতে হবে একটি চলাচলযোগ্য রাস্তার জন্য?

 

“উন্নয়নের ছোঁয়া দেশের সর্বত্র পৌঁছালেও জোনাইল–চামটা–চলনবিল সড়কটি এখনও অবহেলার প্রতীক হয়ে আছে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট