মোঃ আশরাফুল ইসলাম
গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে আদালতের নির্দেশের পরও ইসলামী জালসার নামে ৫৫ শতাংশ জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার নাজিরপুর ইউনিয়নের পুরুলিয়া গ্রামের পুরুলিয়া দারুল উলুম ইবতেদায়ী নূরানী হাফিজিয়া মাদ্রাসার জায়গায় এ জালসার আয়োজন করা হচ্ছে।
মামলা সূত্রে জানা যায়, আরএস ৫৬৭ ও ৫৭৫ দাগের ৫৫ শতাংশ জমি ইব্রাহীম আলী সরকার একসময় কলেজ প্রতিষ্ঠার জন্য দেন। কলেজ বিলুপ্ত হলে মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য জমিটি রেজুলেশন করা হয়। পরে মাদ্রাসার কার্যক্রম বন্ধ হয়ে গেলে জমি ফেরত পেতে মামলা করেন ইব্রাহীম। আদালতের তদন্তের পর জমিটি তাঁকে ফেরত দেওয়া হয় বলে তিনি জানান।
ইব্রাহীমের আলী অভিযোগ, প্রতিপক্ষ তাঁকে জমিতে চাষাবাদে বাধা দেওয়ার পাশাপাশি জালসার নামে সেখানে প্যান্ডেল নির্মাণ করছে।
স্থানীয়দের আশঙ্কা, বন্ধ মাদ্রাসার নামে জালসা করে সংগৃহীত অর্থের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন রয়েছে এবং এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।
মামলা সূত্রে আরও জানা যায়, গত ৬ অক্টোবর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ১৪৪/১৪৫ ধারায় আমল নিয়ে গুরুদাসপুর থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
ওসি আব্দুল হান্নান বলেন, আদালতের চিঠি পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেট চেয়ে ইউএনও বরাবর লিখিত আবেদন করা হয়েছে।
ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, ওসিকে যথাযথ কর্তৃপক্ষের কাছে ম্যাজিস্ট্রেট চাওয়ার জন্য বলা হয়েছে।
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক বলেন, আদালতের কপি পাওয়ার পরই ওসি ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নোটিশ দিয়েছেন। কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।