(নাটোর) প্রতিনিধি
‘আজকের কাব, আগামীর নেতৃত্ব’—প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে বাংলাদেশ স্কাউটসের ছয় দিনব্যাপী সপ্তম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় নাটোরের ঐতিহাসিক রাণী ভবানী রাজবাড়ি চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘রাণী ভবানীর রাজবাড়ি, উত্তরা গণভবনসহ নাটোর শহরকে বসবাসের উপযোগী ও বিনোদনসমৃদ্ধ শহর হিসেবে গড়ে তোলা হবে। চার বছর পর তোমরা একটি সুন্দর নাটোর দেখতে পাবে। নাটোরকে নতুন, সুন্দর ও শান্তির শহর হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করছি।’
তিনি আরও বলেন, স্কাউট আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠছে। নিজেদের পাশাপাশি পরিবেশকে সুন্দর করতেও তারা কাজ করছে। আগামী দিনে তারাই দেশের নেতৃত্ব দেবে।
হুইপ বলেন, ‘অস্থির এই পৃথিবীতে বিশ্বের প্রায় ছয় কোটি স্কাউট সদস্য নিরলসভাবে মানবতার সেবায় নিয়োজিত রয়েছে। মানবকল্যাণে তাদের এই অসামান্য অবদান ভবিষ্যতে ব্যাপকভাবে মূল্যায়িত হবে বলে আমি বিশ্বাস করি।’
রাজশাহীর ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এবং রাজশাহী আঞ্চলিক স্কাউটসের আঞ্চলিক পরিচালক মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি কাব স্কাউট সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ করেন। এ সময় কাব সদস্যদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।
আয়োজক সূত্রে জানা যায়, রাজশাহী বিভাগের আটটি জেলা ও একটি মেট্রোপলিটন এলাকার মোট ২৬০টি ইউনিটের কাব স্কাউট, ইউনিট লিডার, স্বেচ্ছাসেবক ও কর্মকর্তাসহ প্রায় ২ হাজার ২০০ জন এই ক্যাম্পুরীতে অংশ নিচ্ছেন। আগামী ৪ নভেম্বর ক্যাম্পুরী শেষ হবে।
শিশুদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সৃজনশীলতা, আত্মনির্ভরশীলতা ও সেবার মানসিকতা বিকাশের লক্ষ্যে ক্যাম্পুরীতে ১২টি উচ্ছ্বাস ও পাঁচটি উৎসবের আয়োজন করা হয়েছে।