সাজেদুর রহমান
নাটোর প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় পৃথক তিনটি স্থানে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার নেতাকর্মীদের অংশগ্রহণে এসব কর্মীসভা অনুষ্ঠিত হয়।
কর্মীসভাগুলোতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
দয়ারামপুর ও ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে দয়ারামপুর শহীদ জিয়াউর রহমান কলেজে প্রথম কর্মীসভার আয়োজন করা হয়। বাগাতিপাড়া পৌরসভা ও পাকা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দ্বিতীয় কর্মীসভা অনুষ্ঠিত হয় লোকমানপুর উচ্চবিদ্যালয় মাঠে। এছাড়া ৩ নম্বর বাগাতিপাড়া ও ২ নম্বর জামনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে তমালতলা আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে তৃতীয় কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভাগুলোতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোশাররফ হোসেন, সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মাহাতাব উদ্দিনসহ সংশ্লিষ্ট ইউনিয়ন ও পৌরসভার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা। এছাড়া কৃষকদল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মীসভায় বক্তারা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সংহতি জোরদার এবং আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় স্থানীয় নেতাকর্মীরা দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং পারস্পরিক ঐক্য বজায় রেখে ভবিষ্যতের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।