প্রতিবেদক: মো. উজ্জল হোসেন নাটোর
বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ সময়পর্বে তারেক রহমানের সক্রিয় উপস্থিতিকে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সম্পাদকরা। তারা মনে করছেন, সামনে যে কঠিন রাজনৈতিক চ্যালেঞ্জ রয়েছে, তা মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ ও দায়িত্বশীল নেতৃত্ব অপরিহার্য।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে জাতীয় ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব মতামত উঠে আসে।
অনুষ্ঠানে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, দেশের রাজনৈতিক বাস্তবতায় এটি একটি যুগসন্ধিক্ষণ। সামনে বহু চ্যালেঞ্জ রয়েছে, যা অতিক্রম করতে হলে রাজনৈতিক ঐক্য ও গণতান্ত্রিক চর্চা জোরদার করতে হবে।
দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ বলেন, দেশে সাংবাদিকবান্ধব প্রশাসন প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। তিনি অভিযোগ করেন, গত দেড় দশকে মিডিয়া ট্রায়াল ও রাষ্ট্রীয় প্রভাবের কারণে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন হয়েছে। গোয়েন্দা নিয়ন্ত্রিত সংবাদ পরিবেশ ও নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, এমন পরিস্থিতি আর দেখতে চান না সাংবাদিক সমাজ।
তিনি আরও বলেন, দেশ একটি নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। এই সুযোগ কাজে লাগাতে হলে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে—যে স্বাধীনতার ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকরা গণতন্ত্র পুনর্গঠন, স্বাধীন সাংবাদিকতা, সুশাসন ও সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া টেকসই গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয়।
এ সময় বক্তারা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ, গণতন্ত্র পুনর্গঠন, উগ্রবাদ মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তনের মতো জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে গঠনমূলক সংলাপ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।