রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

জমি দখল ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, শাহিদুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
অনলাইন ডেস্ক / ৪১ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

 

 

মোঃ শান্ত শেখ টুঙ্গিপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি।

 

গোপালগঞ্জে জমি দখল, ১০ লাখ টাকা চাঁদা দাবি, হুমকি ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলে শাহিদুল তালুকদারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার।

 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) প্রেসক্লাব গোপালগঞ্জের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে পরিবারের পক্ষ থেকে এক নারী লিখিত বক্তব্যে দীর্ঘদিনের জমি বিরোধ ও হয়রানির বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

 

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তাঁদের বসতবাড়ির একটি অংশ দীর্ঘদিন ধরে শাহিদুল তালুকদার জোরপূর্বক দখলে রেখেছেন। জমি ফেরত চাওয়ায় পরিবারের সদস্যদের বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছে।

 

ওই নারীর দাবি, গত ২৪ এপ্রিল শাহিদুল তাঁর সৎ ভাই জাফরকে পরিবারের সদস্যদের হাত-পা ভেঙে দেওয়ার নির্দেশ দেন। এরপর ১৭ মে গ্রামের বাড়িতে গেলে তাঁর মেজো ছেলের স্ত্রী ও ছোট নাতিদের মারধর করা হয়। এ ঘটনায় জাফর বাদী হয়ে তাঁর মেজো ছেলে ও ছেলের স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় তাঁর ছেলে ৩৫ দিন কারাগারে ছিলেন বলেও দাবি করেন তিনি।

 

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, স্থানীয়ভাবে একাধিকবার সালিস হলেও বিরোধের সমাধান হয়নি। একপর্যায়ে পরিবারের কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দেওয়ায় মামলা ও বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে বলে দাবি করেন ওই নারী।

 

তিনি বলেন, গত ২০ জুন তাঁর মেজো ছেলের স্ত্রীকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হলে জাফরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে স্থানীয়দের মধ্যস্থতায় জমি ছেড়ে দেওয়ার বিষয়ে অঙ্গীকারনামা হলেও পরে তা মানা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

 

জুলাই মাসে পাচুড়িয়া নিউ মার্কেটে অনুষ্ঠিত সালিসে জমির সঙ্গে থাকা একটি পুকুর বালু দিয়ে ভরাটের শর্ত দেওয়া হয় বলেও জানান তিনি। পরিবারের পক্ষ থেকে প্রায় ৫ লাখ টাকা খরচ করে পুকুরটি ভরাট করা হলেও জমি ছেড়ে দেওয়া হয়নি এবং বালুর খরচও দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

 

বিষয়টি নিয়ে ২৯ জুলাই অতিরিক্ত পুলিশ সুপার, গোপালগঞ্জ বরাবর এবং ৪ আগস্ট জেলা লিগ্যাল এইড কার্যালয়ে অভিযোগ দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। পরে সদর সার্কেল কার্যালয়ে শুনানি ও স্থানীয়ভাবে সালিসের উদ্যোগ নেওয়া হয় বলে দাবি করেন তিনি।

 

সর্বশেষ ২২ সেপ্টেম্বর পাচুড়িয়া নিউ মার্কেটে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীদের উপস্থিতিতে সালিস হয়। সেখানে শাহিদুল তাঁদের কাছে ৫ লাখ টাকা, জমিতে মাটি কাটার খরচ, গাছের জন্য ১ লাখ ৫০ হাজার টাকা এবং গরু-ছাগলের ঘর সরানোর জন্য আরও ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ করেন ওই নারী।

 

তাঁর অভিযোগ, সালিসে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁর অসুস্থ স্বামীকে বুকে ধাক্কা দিয়ে আহত করা হয়। পরে শাহিদুল ও জাফর পুলিশকে ফোন করে তাঁদের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন। তবে সেখানে কোনো মারামারি হয়নি বলে দাবি করেন তিনি।

 

সংবাদ সম্মেলনে ওই নারী আরও অভিযোগ করেন, পরে শাহিদুল ও জাফর নিজেদের আহত দেখিয়ে হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসার জন্য ঢাকায় চলে যান। এরপর পরিবারের পুরুষ সদস্যদের বিরুদ্ধে মামলা ও পুলিশি হয়রানির আশঙ্কা তৈরি হয়েছে।

 

ভুক্তভোগী পরিবারটির দাবি, সর্বশেষ তাঁদের কাছে ১০ লাখ টাকা চাওয়া হয়েছে এবং টাকা না দিলে পরিবারের পুরুষ সদস্যদের বাড়িতে থাকতে দেওয়া হবে না ও গুরুতর মামলায় জড়ানো হবে বলে হুমকি দেওয়া হয়েছে।

 

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে নিরাপত্তা, জমি বিরোধের সুষ্ঠু তদন্ত ও হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।

 

তবে শাহিদুল তালুকদার ও জাফরের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে করা অভিযোগগুলোর সত্যতাও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট