নাটোর প্রতিনিধি:
মানবতার সেবায় এক অনন্য ও অনুকরণীয় মাইলফলক স্পর্শ করলেন দৈনিক ঢাকা পত্র-এর নাটোর জেলা প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন। আজ ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার তিনি তাঁর জীবনের ২৭তম বারের মতো স্বেচ্ছায় রক্তদান করেছেন।
একটি মুমূর্ষু জীবনের প্রদীপ বাঁচিয়ে রাখতে এবং একটি পরিবারের মুখে হাসি ফোটাতে তাঁর এই নিঃস্বার্থ উদ্যোগ আজ সমাজের সাধারণ মানুষের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিনের এই মানবিক পথচলা প্রসঙ্গে মোঃ আনোয়ার হোসেন বলেন, “এক ব্যাগ রক্ত হয়তো একজন মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে পারে। সেই গভীর বিশ্বাস এবং সামাজিক দায়বদ্ধতা থেকেই আমার এই পথচলা। আল্লাহর রহমতে রক্তদানে আমার এই প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এমন মহৎ সামাজিক ও মানবিক কাজে যুক্ত থাকায় স্থানীয় সংবাদকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠন তাঁকে অভিনন্দন জানিয়েছে। একই সাথে তিনি সমাজের সুস্থ ও সক্ষম সকল মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান। তিনি মনে করেন, আমাদের ছোট একটি পদক্ষেপই পারে অন্যকে বাঁচানোর এই মানবিক যাত্রাকে আরও বেগবান করতে।