মঞ্জুর রহমান রাজ, ধামরাই (ঢাকা)
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় ঢাকার ধামরাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ধামরাই উপজেলায় ৬৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পুলিশ প্রশাসন, আনসার বাহিনী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান সালমান হাবীব। তিনি বলেন, ১৯৭১ সালে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। পাশাপাশি ’২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ নতুন করে এগিয়ে যাওয়ার প্রেরণা পেয়েছে। তরুণদের উদ্দেশে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানুন এবং জ্ঞান ও সততার আলোকে দেশ গড়ে তুলুন।
অনুষ্ঠানে দেশীয় পণ্যের মেলার ডিসপ্লে প্রদর্শন করা হয়, যা দর্শনার্থীদের আকৃষ্ট করে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফী, ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহীদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, ধামরাই মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান তুলাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।