মনির হোসেন
নিজস্ব সংবাদদাতা
নেত্রকোনার আটপাড়া উপজেলার ৫নং তেলিগাতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন চেয়েছেন আনিছুর রহমান অনুকূল।
দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক, রাজনৈতিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিবেদিত রেখেছেন তিনি। তেলিগাতী সরকারি কলেজের সাবেক ভিপি, আটপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আটপাড়া উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক এবং উপজেলা বিএনপির সম্মানিত সদস্য হিসেবে তিনি স্থানীয় রাজনীতিতে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ। একজন প্রবীণ ও অভিজ্ঞ সংগঠক হিসেবে অবহেলিত মানুষের অধিকার আদায় এবং সামাজিক সমস্যা সমাধানে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে তিনি তেলিগাতী ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও বাজারে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়, গণসংযোগ, মতবিনিময় এবং উঠান বৈঠক শুরু করেছেন। একজন শিক্ষিত, উদীয়মান ও পরিচ্ছন্ন ভাবমূর্তির চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ ভোটারদের মাঝে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও চায়ের দোকানগুলোতে এখন তাকে নিয়ে আলোচনার ঝড় বইছে। বিশেষ করে এলাকার যুবসমাজ তাকে ইতিবাচক সামাজিক পরিবর্তনের প্রতীক হিসেবে দেখছে এবং নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বিজয়ী করতে ঐক্যবদ্ধ রয়েছে।
এ বিষয়ে আনিছুর রহমান অনুকূল বলেন, “আমি দীর্ঘদিন ধরে আমাদের ইউনিয়নের অবহেলিত ও অসহায় মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করে আসছি। এবার আমার পরিবার, সহযোদ্ধা ও নিকটাত্মীয়দের পরামর্শে তেলিগাতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। আমি ইউনিয়নবাসী ও প্রতিটি গ্রামের মানুষের আন্তরিক দোয়া এবং সমর্থন কামনা করছি।”
তিনি আরও প্রতিশ্রুতি দিয়ে বলেন, “জনগণ যদি আমাকে বিজয়ী করে, তবে নীতি ও সততার সাথে সবসময় অসহায় হতদরিদ্র মানুষের পাশে থাকব, ইনশাআল্লাহ। তেলিগাতী ইউনিয়নকে একটি শিক্ষিত, আধুনিক, ডিজিটাল, সন্ত্রাস ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।”